সারা বাংলা
যশোরে মাছের ঘেরে মুরগির বিষ্ঠা নেওয়ার পথে ২ জনকে জরিমানা

যশোরের কেশবপুরে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ৩২টি ড্রামে করে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ভেরচী গ্রামের সড়ক দিয়ে স্থানীয় এক ব্যক্তির মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের জন্য দুটি আলমসাধুতে করে ৩২ ড্রাম মুরগির বিষ্ঠা নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। খবর পেয়ে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস তাঁদের আটক করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের মাহাবুর রহমানকে ২ হাজার টাকা ও একই উপজেলার ঘুটুদিয়া গ্রামের জাহিদুর ইসলামকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ডিবিসি/এসডব্লিউএন