ডিবিসি নিউজdbcnews.tv

কৃষি

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করছে সরকার, যার ৬০ শতাংশ নারী

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করছে সরকার, যার ৬০ শতাংশ নারী

কৃষি

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করছে সরকার, যার ৬০ শতাংশ নারী

বাসস

ডিবিসি নিউজ

সোমবার ১২ই অক্টোবর ২০২৬ ০৭:৪২:১৭ অপরাহ্ন

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির বিশাল উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্য নিরাপত্তা জোরদার করার এই কার্যক্রমে নারী উদ্যোক্তাদের বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে, যার আওতায় মোট উদ্যোক্তার ৬০ শতাংশই নারী এবং বাকি ৪০ শতাংশ পুরুষ। বর্তমানে দেশের ৬৪ জেলার ২০৮টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ বা ‘পার্টনার’ কর্মসূচির (ডিএএম অঙ্গ) মাধ্যমে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উদ্যোক্তাদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বীজ, নার্সারি, মাশরুম, ভার্মিকম্পোস্ট, পাটজাত ও দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন উপখাতে এসব উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। নির্বাচিত তরুণ-তরুণীদের শুধু প্রশিক্ষণই দেওয়া হচ্ছে না, পাশাপাশি তাদের ব্যবসা ব্যবস্থাপনা, বাজার সংযোগ স্থাপন, হাতে-কলমে কাজ শেখা এবং ইনকিউবেশন সহায়তাও প্রদান করা হচ্ছে।

 

প্রশিক্ষিত উদ্যোক্তাদের গৃহপর্যায়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি কেনার জন্য ম্যাচিং গ্রান্ট বা অনুদান সহায়তার ব্যবস্থাও রেখেছে সরকার। এর আওতায় যন্ত্রপাতির মোট মূল্যের ৭০ শতাংশ ভর্তুকি হিসেবে কর্মসূচি থেকে দেওয়া হবে এবং বাকি ৩০ শতাংশ ব্যয় বহন করবেন উদ্যোক্তারা।

 

পার্টনার-ডিএএম অঙ্গের এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক জানান, এ পর্যন্ত ৬ হাজার ৮৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং চলতি বছরে প্রায় ৭ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি বলেন, ‘প্রশিক্ষণ শেষে ব্যবসা পরিচালনায় বিদ্যমান বাধা দূর করতে ইনকিউবেশন সহায়তা দেওয়া হচ্ছে।’

 

বাজারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুক্ত করতে কৃষিপ্রধান এলাকাগুলোতে ইতোমধ্যে ৭৬৭টি ‘মার্কেট অ্যাক্টরস বিজনেস স্কুল’ গঠন করা হয়েছে। যে এলাকায় যে পণ্যের উৎপাদন বেশি, সেখানে সেই পণ্যকে কেন্দ্র করেই এসব স্কুল পরিচালিত হচ্ছে। এর মধ্যে শুধু আলুকে কেন্দ্র করেই ২২৭টি স্কুল গঠন করা হয়েছে এবং চলতি বছরে আরও ৩৩৫টি স্কুল গঠনের পরিকল্পনা রয়েছে। এছাড়া, আলু, আম, কাঁঠাল, টমেটো ও সুগন্ধি চালের প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সম্প্রসারণে ‘ভ্যালু চেইন প্রমোশনাল বডি’ গঠনের নীতিমালাও ইতোমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদিত হয়েছে।

 

সরকারি এই সহায়তার সুফল পেতে শুরু করেছেন অনেক তরুণ উদ্যোক্তা। গাজীপুরের সদর থানার পিরুজালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের তরুণী তামিমা আক্তার ন্যান্সি তাদেরই একজন। পড়ালেখার পাশাপাশি তিনি জ্যাম, জেলি, আচার, কাঁঠাল ও মাছের চিপস তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি শুরু করেন। শুরুতে কিছু সমস্যায় পড়লেও কৃষি বিপণন অধিদপ্তরের ১২ দিনের প্রশিক্ষণ তাঁর দক্ষতা ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। বর্তমানে ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য সনদ নিয়ে ‘ন্যান্সি অ্যাগ্রো অ্যান্ড ফুড’ নামে তার প্রতিষ্ঠানে কাজ করছেন চারজন কর্মী।

 

পার্টনার কর্মসূচির কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ বলেন, ‘উদ্যোক্তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। নতুন ধারণার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে তাঁরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন