আন্তর্জাতিক, অন্যান্য
ইসরায়েলের উত্তরাঞ্চলে বিস্ফোরণ, আহত অন্তত ২০

ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে অবিস্ফোরিত সামরিক গোলাবারুদ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, কিবুতজ মানারা ও কিবুতজ ইফতাখের মধ্যবর্তী নেঅত মরদেখাই এলাকার কাছে বিস্ফোরণটি ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, বিস্ফোরণের পর আটজন আহত ব্যক্তিকে গুরুতর ও মাঝারি অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছে কিরিয়াত শমোনা থানার পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন। বিস্ফোরণের কারণ ও উৎস অনুসন্ধানে কাজ করছেন বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা।
আল জাজিরার রামাল্লা প্রতিনিধি নুর ওদেহ জানান, লেবানন সীমান্তবর্তী ওই এলাকায় কয়েকজন ইসরায়েলি নাগরিক পিকনিক করতে বা হাঁটতে গিয়েছিলেন। তাদের আশপাশেই বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
নুর ওদেহ বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে গত তিন বছরে উত্তর ইসরায়েল, বিশেষ করে আপার গ্যালিলি ও লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সামরিক তৎপরতা চলেছে। এ সময়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের রাজনৈতিক মহলেও তৎপরতা দেখা গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাঁর পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল