ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইলে অবৈধভাবে গ্যাস বিক্রি করায় স্টেশন মালিককে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অবৈধভাবে গ্যাস বিক্রি করায় স্টেশন মালিককে ১ লাখ টাকা জরিমানা

সারা বাংলা

টাঙ্গাইলে অবৈধভাবে গ্যাস বিক্রি করায় স্টেশন মালিককে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র রিপোর্টার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রির দায়ে ‘মা সিএনজি রিফুয়েলিং স্টেশন’-এর মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে হাতেনাতে ধরা পড়ার পরও প্রচলিত আইন অনুযায়ী অবৈধ গাড়ি ও গ্যাস জব্দ না করায় স্থানীয় বাসিন্দা এবং চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

অবৈধ গাড়ি কেন জব্দ করা হলো না এমন প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা জানান, তার কাছে যেমনটি সঠিক মনে হয়েছে তিনি সেভাবেই বিচার করেছেন। সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিস্ফোরক আইনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘সবসময় সব আইন জানা থাকে না এবং বিচারকে প্রশ্ন করা বেঠিক।’ গ্যাস আইনের ১৩ ধারায় এই জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

 

স্থানীয় বাসিন্দা ও ছোট গাড়ির চালকদের অভিযোগ, প্রতিদিন শত শত গাড়িতে অবৈধভাবে গ্যাস বিক্রি করে লাখ লাখ টাকা আয় করা চক্রের কাছে এক লাখ টাকা জরিমানা খুবই নগণ্য। একটি শক্তিশালী সিন্ডিকেট কাভার্ড ভ্যানে ২০০ থেকে ২৫০টি সিলিন্ডার যুক্ত করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস পরিবহন করছে, যা মূলত চলন্ত টাইম বোমা।

 

এর আগে সাভারে এমন অবৈধ গ্যাস পরিবহনকারী গাড়ির বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। ‘সড়কে টাইম বোমা পরিবহন’ শিরোনামে ডিবিসি নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনেও দেখানো হয়েছিল, এমন একটি গাড়ির বিস্ফোরণ ঘটলে প্রায় তিন কিলোমিটার এলাকায় ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।

 

চালকরা আরও জানান, কার্গো গাড়িতে বিপুল পরিমাণ গ্যাস লোড দেয়ার কারণে সাধারণ ছোট গাড়িগুলো প্রয়োজনীয় গ্যাসের চাপ পায় না। এছাড়া যেকোনো মুহূর্তে সিএনজি স্টেশনে বা সড়কে বিস্ফোরণের আতঙ্কে থাকেন তারা। স্থানীয়দের দাবি, লোক দেখানো অভিযান নয়, বরং আইনের যথাযথ প্রয়োগ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ীভাবে এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন