সারা বাংলা
মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড, যশোরে ভ্রাম্যমাণ আদালতের রায়

মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও ভাঙচুর চালানোর অপরাধে আমিনুর রহমান সাজিম (২৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
রবিবার (১০ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই সংক্ষিপ্ত বিচারিক আদালতের রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সাজিম যশোর সদর উপজেলার রামনগরের ওয়াইসিয়া গেট এলাকার মিজানুর রহমানের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আমিনুর রহমান সাজিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায়ই তার পিতা মিজানুর রহমানের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করত। টাকা না পেলে সে পরিবারের অন্যান্য সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতো এবং বাড়িঘরের আসবাবপত্র ভাঙচুর করত।
সর্বশেষ গত ৯ অক্টোবর সাজিম আবারও তার পিতার ওপর চড়াও হয় এবং মারমুখী আচরণ করে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে এবং অভিযোগপত্র দাখিল করে।
আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় অভিযুক্তকে এই সাজা প্রদান করেন।
ডিবিসি/এমএনকে