সারা বাংলা
হবিগঞ্জে প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, বরের চাচাকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়ে গেছে একটি বাল্যবিয়ে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরের চাচাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিয়ের আয়োজন বন্ধ হয়ে যাওয়ায় কনে ও খাওয়া-দাওয়া ছাড়াই খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে বরকে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খড়কি গ্রামে একটি বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় বর ও কনের জন্মনিবন্ধন সনদ যাচাই করে তাদের অপ্রাপ্তবয়স্ক হওয়ার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। পরে তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় অপ্রাপ্তবয়স্ক বিয়ের আয়োজন করায় বরের চাচা ও মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের বাসিন্দা মজিদ রহমানকে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
পাশাপাশি, বর ও কনের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। মুচলেকায় তারা অঙ্গীকার করেন যে, বর ও কনে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনোভাবেই তাদের বিয়ে দেবেন না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সমাজ থেকে বাল্যবিয়ে সম্পূর্ণ নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এমএনকে