সারা বাংলা
হবিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ও নকল ওষুধ বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং নকল পণ্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসআরবি-৯-এর সিলেটের মিডিয়া অফিসার এ কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বাজার এলাকার ‘মিম কোয়ালিটি ফুড’ নামের একটি রেস্টুরেন্টে একই ফ্রিজে সব ধরনের খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘নিউ হক ফার্মেসি’ নামক অপর একটি প্রতিষ্ঠানে অবৈধ ওষুধ ও নকল পণ্য সরবরাহের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে দুই প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন, প্রতিশ্রুত পণ্যের ঘাটতি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এসআরবি-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবিসি/এমএনকে