ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইলে রাস্তা বন্ধ করায় ঘরের অংশ ও টিন ভেঙে মরদেহ দাফন

টাঙ্গাইলে রাস্তা বন্ধ করায় ঘরের অংশ ও টিন ভেঙে মরদেহ দাফন

সারা বাংলা

টাঙ্গাইলে রাস্তা বন্ধ করায় ঘরের অংশ ও টিন ভেঙে মরদেহ দাফন

সিনিয়র রিপোর্টার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত রাস্তা না পেয়ে উপায় না দেখে ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামের এক ব্যক্তির মরদেহ দাফন করেছেন স্বজন ও এলাকাবাসী।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে। মৃত আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘাটাইল উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ অবস্থায় মারা যান আব্দুল সালাম। রাতেই স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন এবং দাফনের প্রস্তুতি নেন। কিন্তু কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তাটি প্রতিবেশীরা বন্ধ করে রাখায় রাতেই দাফন করা সম্ভব হয়নি।

 

পরবর্তীতে রোববার সকালে স্থানীয় লোকজনের শরণাপন্ন হন স্বজনরা। এলাকাবাসীর সহায়তায় মরদেহ কবরস্থানে নেওয়ার সময় চলাচলের কোনো পথ না থাকায় স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে রাস্তার মাঝখানে থাকা একটি ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করেন। এরপর সেই পথ দিয়েই মরদেহ কবরস্থানে নিয়ে দাফন সম্পন্ন করা হয়।

 

এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তাটি নিয়ে প্রতিবেশী মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমদের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত দুই বছর ধরে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং রাস্তার মাঝখানে ঘর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

 

বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, প্রতিপক্ষরা রাস্তার মাঝখানে ঘর তোলায় মরদেহ কবরস্থানে নেওয়া সম্ভব হচ্ছিল না। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ঘরের অংশ ভেঙে রাস্তা তৈরি করেন এবং এর মাধ্যমেই মরদেহ দাফন করা হয়।

 

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, বিষয়টি আমরা শুনেছি। বর্তমানে মরদেহ দাফন করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন