ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

খেলাধুলা, ফুটবল

ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের কোনো অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি না করেই ফিফার সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর-মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ। ফিফার নিজস্ব রিজার্ভ তহবিল থেকে ২০০ কোটি ডলারের বেশি অর্থ দ্রুত বিতরণের আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।

এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি। চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন, ফিফার বর্তমান আর্থিক সক্ষমতা দিয়েই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বড় অঙ্কের সহায়তা দেওয়া সম্ভব। এ জন্য বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রয়োজন নেই।

 

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ১ কোটি ডলার করে দেওয়া হবে। পাশাপাশি ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের প্রতিটি পাবে ৩ কোটি ৬০ লাখ ডলার। আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর জন্যও ৩০ লাখ ডলার করে বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।

 

উয়েফা ও কনকাকাফের দাবি, এই বিপুল অর্থ বিতরণের পরও ফিফার রিজার্ভ তহবিলে প্রায় ২৬০ কোটি ডলার নগদ অর্থ অবশিষ্ট থাকবে। ফলে সদস্য দেশগুলোর আর্থিক সহায়তা বাড়ালেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আর্থিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে না।

 

মূলত ফিফার প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনাকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম *দ্য টাইমসের* প্রতিবেদনে বলা হয়েছে, সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার আশ্বাস দিলেও সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে নিজের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন দেওয়ার শর্ত রেখেছিলেন ইনফান্তিনো।

 

এমন উদ্যোগ নিয়ে ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করার অভিযোগও তুলেছেন উয়েফা ও কনকাকাফের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের মতে, ফিফার নিজস্ব তহবিলে পর্যাপ্ত অর্থ থাকার পরও বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির উদ্যোগ নেওয়া যৌক্তিক নয়।

 

দুই কনফেডারেশনের এই পাল্টা প্রস্তাবে ফিফা সভাপতি ইনফান্তিনোর ওপর প্রশাসনিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার সংরক্ষণ এবং সদস্য দেশগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

 

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠেয় ফিফা কাউন্সিলের বৈঠকে সংস্থাটির আর্থিক পরিস্থিতি এবং সদস্য দেশগুলোকে বাড়তি অর্থ দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

ইনফান্তিনোও অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সদস্য দেশগুলো শেষ পর্যন্ত কত অর্থ পাবে এবং কোন পদ্ধতিতে তা বিতরণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন