ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরানকে কোনো ধরনের সাহায্য করছে না চীন-রাশিয়া, বিশ্বাস ট্রাম্পের

ইরানকে কোনো ধরনের সাহায্য করছে না চীন-রাশিয়া, বিশ্বাস ট্রাম্পের

আন্তর্জাতিক

ইরানকে কোনো ধরনের সাহায্য করছে না চীন-রাশিয়া, বিশ্বাস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি একেবারেই মনে করেন না যে চীন ও রাশিয়া ইরানকে কোনো ধরনের সহায়তা করছে। সোমবার (১২ অক্টোবর) রাতে ট্রাম্প বলেন, তেহরানকে সাহায্য করলে মস্কো ও বেইজিংয়ের ‘অনেক কিছু হারানোর’ ঝুঁকি রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সমালোচকদের এমন দাবি তিনি দেখেছেন, যেখানে বলা হচ্ছে চীন ও রাশিয়া ইরানকে সাহায্য করছে। এর জবাবে তিনি বলেন, ‘যদি তারা করেও থাকে, তবে তা খুবই সামান্য পর্যায়ে। তবে আমি মোটেও বিশ্বাস করি না যে তারা এমন কিছু করছে। তাদের হারানোর অনেক কিছু রয়েছে। আর তারা এমন কিছু করলে আমরা খুব দ্রুতই তা জেনে যাব।’


এর আগে জুলাই মাসে ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধে চীন ও রাশিয়া তেহরানকে সাহায্য করবে না বলে তিনি বিশ্বাস করেন। তবে তারা এতে জড়ালে ‘বিষয়টি তাদের জন্য খুব খারাপ হবে’ বলেও সতর্ক করেছিলেন তিনি।


উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে। এর জবাবে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান। ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এসব হামলায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।ইরান যুদ্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এর আগে ‘নিরপেক্ষ’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। যদিও তেহরানের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাশিয়ার মতে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিতে পারে। অন্যদিকে, ইরানে মার্কিন হামলাকে দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে এর তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং।


গত মাসে চীনের প্রেসিডেন্ট যখন ওয়াশিংটন সফরে যান, তখন তাকে ইরানকে সহায়তা করার বিষয়ে সতর্ক করেছিলেন ট্রাম্প। সে সময় চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছিলেন, চীন এমন কিছু করবে না বলে শি জিনপিংয়ের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে। মূলত, চীন ইরানকে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত কাঁধ থেকে নিক্ষেপযোগ্য মিসাইল লঞ্চার সরবরাহ করেছে এবং চীনা সহায়তায় তেহরান তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়ানোর পথ খুঁজে পেয়েছে—এমন খবর প্রকাশের পরই এই সতর্কতা দেওয়া হয়েছিল।


এছাড়া, সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, জুলাইয়ে জর্ডানের একটি ঘাঁটিতে হামলার আগে চীনা সংস্থাগুলোর কাছ থেকে ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। তবে ট্রাম্প সে সময় এই প্রতিবেদনটিকেও খুব একটা গুরুত্ব দেননি।


সূত্র: রয়টার্স


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন