সারা বাংলা
লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ৮

লালমনিরহাটের আদিতমারীর সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, গত ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে প্রধান শিক্ষককে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে প্রধান শিক্ষক রশিদুল আলম স্কুলে আসার চেষ্টা করলেও এলাকার কিছু লোকজন তাঁকে আসতে দেয়নি। পরে বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে যান। এ সময় প্রায় ২০-২৫ জন বহিরাগত স্কুলে হামলা চালায়।
তারা প্রধান শিক্ষক রশিদুল আলমের ওপর আক্রমণ চালালে শিক্ষার্থীরা বাধা দেন। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীদের আঘাতে প্রধান শিক্ষক ও আট শিক্ষার্থী আহত হন। তাঁরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদিতমারী থানার কর্মকর্তা নাজমুস সাকিব সজীব জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডিবিসি/আরএসএল