বাংলাদেশ, সারা বাংলা
মানিকগঞ্জে নোংরা পরিবেশে ফুচকা-চটপটির কাঁচামাল তৈরি, ১০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় একটি বাসাবাড়িতে মেয়াদোত্তীর্ণ ময়দা ও নোংরা পরিবেশে নিম্নমানের তেল ব্যবহার করে ফুচকা ও চটপটির কাঁচামাল তৈরি করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে জয়রা এলাকার ‘শফিকুল ফুচকা’র মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, একই দিন সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে দুটি ফলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ‘আফজাল ফল ভান্ডার’-এর মালিক আফজাল হোসেন এবং ‘ইয়াসিন ফল ভান্ডার’-এর মালিক ইয়াসিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগমসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে দুটি ফলের দোকানে মূল্যতালিকা না থাকায় এবং অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুপুরে সদর উপজেলার জয়রা গ্রামের একটি বাসাবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটির কাঁচামাল তৈরির কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ডিবিসি/ এসভিএন