ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি, আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি, আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা

আন্তর্জাতিক, আরব

সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি, আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শারজাহর কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) হলুদ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ায় গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ।

মঙ্গলবার বিকেলে শারজাহর ফিলি এলাকায় বৃষ্টিপাতের দৃশ্য প্রকাশ করেছে আবহাওয়াবিষয়ক প্ল্যাটফর্ম স্টর্ম সেন্টার। অঞ্চলটি শারজাহর মধ্যাঞ্চলে পাহাড়ের কাছাকাছি অবস্থিত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত আমিরাতের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিবাহী মেঘের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত হলুদ সতর্কতা কার্যকর থাকবে।


সতর্কতার আওতায় রয়েছে আল আইন থেকে উত্তর দিকে ফুজাইরাহ ও পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত পাহাড়ি অঞ্চল। এ ছাড়া আবুধাবির পশ্চিমাঞ্চলীয় আল ধাফরা এলাকার একটি অংশও সতর্কতার আওতায় রয়েছে।


আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃষ্টিবাহী মেঘের প্রভাবে হঠাৎ ভারী বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া হতে পারে। একই সঙ্গে কমে যেতে পারে দৃশ্যমানতা। বিশেষ করে পাহাড়ি ও দেশের অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের আশঙ্কা রয়েছে।


এদিকে পাহাড়ি এলাকার কয়েকটি স্থানে আকস্মিক বন্যার সতর্কতাও জারি করেছে এনসিএম। মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে।


কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির সময় পাহাড়ি উপত্যকা, ওয়াদি ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। এসব স্থানে অল্প সময়ের মধ্যে পানির উচ্চতা বেড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।


অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আবুধাবি পুলিশ গাড়িচালকদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে। বৃষ্টির সময় সড়কের ইলেকট্রনিক তথ্যবোর্ডে প্রদর্শিত পরিবর্তনশীল গতিসীমা মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।


পাশাপাশি গাড়ির গতি কমানো, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং দৃশ্যমানতা কমে গেলে হেডলাইট জ্বালানোর পরামর্শ দেওয়া হয়েছে।


আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে জাতীয় আবহাওয়া কেন্দ্র ও পুলিশের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সূত্র: গালফ নিউজ

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন