ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

সারা বাংলা

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবনের ছাদ ঢালাইয়ের সময় কাঠামো ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আরাজী-গঙ্গারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আসাদুল হক এবং রংপুর শহরের শিহাব।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে ১৩ জন শ্রমিক পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। বিকেলে হঠাৎ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়লে শ্রমিকরা এর নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

পীরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

 

এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। দুই শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এ ঘটনায় যাঁদের গাফিলতি রয়েছে, তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন