আন্তর্জাতিক, আরব
ইয়েমেনের তেল স্থাপনায় হামলার প্রস্তুতি, সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের

ইয়েমেনের রাজধানী সানায় একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সম্ভাব্য হামলার আগে ইয়েমেন অয়েল কোম্পানির সাবাহ কেন্দ্রীয় স্টেশন ও আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের যৌথ বাহিনীর কমান্ড এক বিবৃতিতে এ নির্দেশ দেয়। বিবৃতিতে একটি মানচিত্রের মাধ্যমে অভিযানের লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়। একই সঙ্গে সম্ভাব্য বিপদ এড়াতে সংশ্লিষ্ট এলাকা দ্রুত খালি করার আহ্বান জানানো হয়।
এদিকে সানায় হামলা চালানো হলে সৌদি আরবের রাজধানী রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
হুতিরা সৌদি আরামকোর তেল স্থাপনাগুলোর আশপাশে অবস্থানরত কর্মী ও সাধারণ মানুষকেও নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। এসব স্থাপনাকে নিজেদের বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু বলে ঘোষণা করেছে গোষ্ঠীটি।
গত সপ্তাহ থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোতে হুতিদের হামলার পর দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৃহত্তর আঞ্চলিক সংঘাতের প্রভাবও ইয়েমেনে ছড়িয়ে পড়েছে।
গত মাসে লোহিত সাগর উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু এলাকা হুতিরা দখল করার পর সৌদি আরব তাদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে। পাশাপাশি ইয়েমেন সরকারের পাল্টা অভিযানেও সমর্থন দিচ্ছে রিয়াদ।
চলমান সংঘাতে সৌদি আরবের বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শনিবার হুতিদের দাবি করা প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে রিয়াদ বিমানবন্দর বন্ধ রয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল