ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা

সারা বাংলা

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। মব সৃষ্টি করে সরকারি কাজে বাধা ও জনভোগান্তির অভিযোগে সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এ মামলা করেন।

ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোদাগাড়ী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 

 

সমাবেশে কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই কাম্য নয়। তারা জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি প্রশাসনের কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

 

এর আগে, সোমবার দুপুরে সার ডিলার নিয়োগে নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এনসিপি ও জামায়াত নেতাকর্মীরা। একপর্যায়ে তারা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয় এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

 

ঘটনার বিষয়ে গোদাগাড়ীর ইউএনও ইসরাত জাহান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আমি মিলনায়তনে একটি অনুষ্ঠানে ছিলাম। তখন জামায়াত, এনসিপি ও কৃষকদলের একজনসহ ১৫-১৬ জন লোক এসে অফিসে তালা দেয়। এদের মধ্যে আতিক, মাহফুজ, জিয়া, বাবলু, হেলাল, আয়ানসহ আরও একজনকে চেনা গেছে। মব সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তারাই তালা খুলে দেয়।

 

গোদাগাড়ী থানার ওসি সুজন মিয়া জানান, রাতে এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন