আন্তর্জাতিক, এশিয়া
নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিবিসির সম্প্রচার বন্ধ করে দিয়েছে আফগান সরকার

আফগানিস্তানজুড়ে বিবিসির এফএম রেডিও সম্প্রচার স্থগিত করেছে দেশটির তালেবান সরকার। বারবার নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র। তবে কী ধরনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব গুফরান স্থানীয় গণমাধ্যমকে জানান, বিবিসির বিরুদ্ধে বারবার নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠায় আপাতত দেশজুড়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের লাখ লাখ মানুষ নির্ভরযোগ্য সংবাদ ও তথ্যের জন্য তাদের ওপর নির্ভর করেন। পরিস্থিতি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিবিসি আরও জানিয়েছে, এফএম সম্প্রচার বন্ধ হলেও পশতু, দারি ও ইংরেজি ভাষায় তাদের স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অব্যাহত রয়েছে। শ্রোতারা শর্টওয়েভ, মিডিয়াম ওয়েভ রেডিও, অনলাইন ও স্যাটেলাইটের মাধ্যমে এসব অনুষ্ঠান শুনতে পারবেন।
২০২২ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংবাদমাধ্যম নিষিদ্ধ হওয়ার পর বিবিসিই ছিল আফগানিস্তানের ভেতরে সম্প্রচার চালানো একমাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতি সপ্তাহে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ২০ শতাংশের বেশি মানুষের কাছে পৌঁছায় বিবিসির সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত মেয়েদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠানও রয়েছে।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর দেশটির গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বর্তমানে সম্প্রচারে সংগীত নিষিদ্ধ এবং পর্দায় নারীদের উপস্থিতিও সীমিত। নারী ও পুরুষ একসঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে পারেন না।
দেশটিতে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম চালু থাকলেও বিদ্যুতের সংকট, উচ্চ ব্যয় ও স্বল্প সাক্ষরতার হার তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা।
উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে আফগানিস্তানে বিবিসির আফগান সার্ভিস কার্যক্রম পরিচালনা করছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসএফএল