ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক, আরব

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইরানের হরমুজ প্রণালিতে আবারও একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির নৌবাহিনীর দাবি, নিয়ম লঙ্ঘন করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজটিতে আগুন লাগে এবং এতে ক্ষয়ক্ষতি হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) এ খবর প্রকাশ করেছে।


বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকারকে আগুনে জ্বলতে দেখা যায়। এ সময় জাহাজটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। নৌবাহিনীর দাবি, ট্যাংকারটি ইচ্ছাকৃতভাবে নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং নিষিদ্ধ এলাকা দিয়ে অবৈধভাবে চলাচলের চেষ্টা করছিল।


ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চল, আরব সাগর ও ওমান সাগরে তাদের সামরিক ইউনিটগুলো নতুনভাবে মোতায়েন ও পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট জলসীমায় শত্রুপক্ষের সব ধরনের তৎপরতার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখা সম্ভব হচ্ছে বলে দাবি করেছে তারা।


বিবৃতিতে আরও বলা হয়, এসব গুরুত্বপূর্ণ সামুদ্রিক এলাকায় চলাচলকারী জাহাজগুলোর গতিবিধি স্থায়ীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি বাস্তব সময়ে প্রতিটি জাহাজের চলাচলের ওপর নজর রাখছে ইরানের নৌবাহিনী।


নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সব জাহাজকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ইরান। বিশেষ করে জাহাজের ইলেকট্রনিক ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।


একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


নৌবাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলের ওপর তাদের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন