ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

দেশজুড়ে কার্যক্রম শুরু হলেও জুড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে নেই প্রচার-প্রচারণা

দেশজুড়ে কার্যক্রম শুরু হলেও জুড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে নেই প্রচার-প্রচারণা

সারা বাংলা

দেশজুড়ে কার্যক্রম শুরু হলেও জুড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে নেই প্রচার-প্রচারণা

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারমূলক ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম দেশব্যাপী শুরু হলেও মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কোনো সংবাদ সম্মেলন বা অবহিতকরণ সভা করেনি উপজেলা প্রশাসন। গত ১২ অক্টোবর দেশজুড়ে তথ্য সংগ্রহ শুরুর দিনেও প্রশাসনের এমন কোনো উদ্যোগ না থাকায় কর্মসূচির প্রচার ও জনসচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা যায়, গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে ১২ অক্টোবর দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহ শুরু এবং ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে জনসচেতনতা তৈরির নির্দেশনা দেওয়া হয়। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলার অন্যান্য উপজেলায় এ নিয়ে সংবাদ সম্মেলন এবং অবহিতকরণ সভা করা হলেও জুড়ীতে আনুষ্ঠানিক কোনো আয়োজন হয়নি। ফলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব পালন এবং সাধারণ মানুষকে কর্মসূচি সম্পর্কে অবহিত করার প্রস্তুতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

 

এ বিষয়ে জানতে জুড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে মৌলভীবাজার জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, জুড়ীতে সমাজসেবা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকায় এবং একসাথে দুটি উপজেলার দায়িত্ব পালন করায় সেখানে সভা করা সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলে সাংবাদিকদের নিয়ে সভার আয়োজন করতে পারতেন।

 

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা তিনি পাননি এবং উপজেলায় নিয়মিত সমাজসেবা কর্মকর্তাও নেই। তবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে অবহিতকরণ সভার আয়োজন করা হবে বলে তিনি জানান।

 

এ ব্যাপারে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, ছুটিতে থাকায় বিষয়টি তার জানা ছিল না। তবে তিনি জুড়ীর ইউএনওকে বিষয়টি জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, সরকারের অগ্রাধিকারমূলক এই কর্মসূচিকে সব ইউএনও গুরুত্বের সঙ্গে দেখেন এবং এ ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন