আন্তর্জাতিক, ভারত
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদবিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি এবং রাজ্যসভার সদস্যপদ ছাড়ার অনুমতি চেয়েছেন তিনি।
মুরুগান জানিয়েছেন, তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতেই তার এই সিদ্ধান্ত। বিশেষ করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে রাজ্যজুড়ে দলের কার্যক্রম সম্প্রসারণে মনোযোগ দিতে চান তিনি।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুরুগান বলেন, তামিলনাড়ুর গ্রাম থেকে শহরের অলিগলি পর্যন্ত ঘুরে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে চান। সম্প্রতি রাজ্যটিতে মোদির সফরের সময় মানুষের উৎসাহ ও ভালোবাসা তাঁকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।
পাঁচ বছর কেন্দ্রীয় সরকারে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুরুগান। তামিলনাড়ুর একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই নেতা জানান, তাঁর বাবা-মা দিনমজুরি ও গবাদিপশু চরানোর কাজ করতেন। এমন পরিবার থেকে উঠে এসে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া তার জীবনের বড় সম্মান।
কলেজজীবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন মুরুগান। প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে তিনি জাতীয় তফসিলি জাতি কমিশনের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের জুলাইয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন তিনি।
চিঠিতে তামিলনাড়ুর মৎস্যজীবীদের কল্যাণ, সংঘাতপূর্ণ অঞ্চলে আটকে পড়া তামিলদের নিরাপত্তা এবং তামিল সংস্কৃতির প্রসারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রশংসাও করেন মুরুগান।
এদিকে তার পদত্যাগের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/এসএফএল