বাংলাদেশ, সারা বাংলা
ময়মনসিংহের ঘটনা
ঘরের স্টিলের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আপন ২ বোনের

ময়মনসিংহের ভালুকায় বাড়ির স্টিলের দরজা খুলে বাইরে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই আপন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো কাতলামারী গ্রামের শাহাবুদ্দিন মিয়ার দুই মেয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫)। একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করা হয়। নতুন ঘরের বৈদ্যুতিক কাজের জন্য পুরোনো ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংযোগের তারে লিকেজ থাকায় ঘরের স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়ে পড়ে।
দুর্ঘটনার সময় ফাতেমা ও নাহিদা ঘরের ভেতরে অবস্থান করছিল। একপর্যায়ে তারা দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।
জানা গেছে, ঘটনার সময় শিশু দুটির মা ঘাস কাটতে বাড়ির বাইরে গিয়েছিলেন। তাদের বাবা শাহাবুদ্দিন মিয়াও কাজের প্রয়োজনে বাড়িতে ছিলেন না।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দুই শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডিবিসি/এসএফএল