ডিবিসি নিউজdbcnews.tv

চাকরি, ক্যারিয়ার

চূড়ান্ত ফলের ৩২১ দিনেও গেজেট হয়নি ৪৫তম বিসিএসের, অনিশ্চয়তায় সুপারিশপ্রাপ্তরা

চূড়ান্ত ফলের ৩২১ দিনেও গেজেট হয়নি ৪৫তম বিসিএসের, অনিশ্চয়তায় সুপারিশপ্রাপ্তরা

চাকরি, ক্যারিয়ার

চূড়ান্ত ফলের ৩২১ দিনেও গেজেট হয়নি ৪৫তম বিসিএসের, অনিশ্চয়তায় সুপারিশপ্রাপ্তরা

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

৪৬ ও ৪৭তম বিসিএসের গেজেটও আটকে, দীর্ঘ অপেক্ষায় আর্থিক ও মানসিক চাপে চাকরিপ্রার্থীরা

চূড়ান্ত ফলাফল প্রকাশের ৩২১ দিন পেরিয়ে গেলেও এখনো গেজেট প্রকাশিত হয়নি ৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস)। ২০২৫ সালের ২৬ নভেম্বর এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়। কিন্তু প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও নিয়োগের অপেক্ষা শেষ হয়নি তাঁদের।

 

দীর্ঘ এই অপেক্ষায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। তাঁদের অনেকেই এখনো বেকার। কেউ কেউ সরকারি চাকরিতে যোগদানের আশায় আগের চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে দীর্ঘদিন আয়হীন অবস্থায় থেকে আর্থিক সংকট ও মানসিক চাপে পড়েছেন তাঁরা। অন্যদিকে যাঁরা বেসরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাঁদেরও কর্মস্থলে নানা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত এক চাকরিপ্রার্থী আক্ষেপ করে বলেন, “দীর্ঘদিন ধরে গেজেটের আশায় থেকে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। গেজেটের যাঁতাকলে আমাদের চাকরিযোগ্য জীবনকাল প্রায় ১ বছর কমে গেল!”

 

চাকরিপ্রার্থীদের অভিযোগ, একটি বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তাঁদের অনিশ্চয়তা কাটছে না। বছরের পর বছর প্রস্তুতি ও পরীক্ষার পেছনে ব্যয় করার পর নিয়োগের অপেক্ষায় আরও দীর্ঘ সময় চলে যাচ্ছে। এতে শুধু আর্থিক ক্ষতিই হচ্ছে না, চাকরিজীবনের মূল্যবান সময়ও কমে যাচ্ছে।

 

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই হিসাবে ৩ বছর ১০ মাস ১৩ দিন পেরিয়ে গেলেও এ বিসিএসের নিয়োগ কার্যক্রম শেষ হয়নি। প্রায় চার বছর ধরে চলা একটি নিয়োগপ্রক্রিয়ার এমন দীর্ঘসূত্রতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

 

এদিকে শুধু ৪৫তম বিসিএস নয়, ৪৬ ও ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হলেও সেগুলোর গেজেটও প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা। ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এবং ৪৭তম বিসিএসের ফল প্রকাশিত হয় ২৮ জুন।

 

অন্যদিকে ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার নির্ধারিত ধাপগুলোও শেষ হয়েছে। ফলে নতুন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় ঘনিয়ে এলেও আগের বিসিএসগুলোর সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এখনো নিয়োগের অপেক্ষায় রয়েছেন।

 

দীর্ঘদিন ধরেই বিসিএসের নিয়োগজট নিরসন ও দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি ধাপ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর কাউকে মাসের পর মাস অনিশ্চয়তায় থাকতে না হয়।

এখন দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে এই দীর্ঘ অপেক্ষার অবসান চান ৪৫তমসহ সংশ্লিষ্ট বিসিএসগুলোর সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

আরও পড়ুন