সারা বাংলা
নাটোরের চলনবিলে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের সিংড়ায় চলনবিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চার লাখ টাকা মূল্যের শতাধিক অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলনবিলের সাতপুকুরিয়া, ডাহিয়া ও বিয়াশ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারি জাল দিয়ে নির্বিচারে মাছ শিকারের কারণে চলনবিলের দেশীয় প্রজাতির মাছের পোনা ও ছোট মাছ ধ্বংস হচ্ছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ছে জলজ জীববৈচিত্র্য।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, চলনবিলের মৎস্যসম্পদ ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সুরক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।