সারা বাংলা
নওগাঁয় পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন এলাকা থেকে অন্যত্র পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরুল আমিন এই অভিযান পরিচালনা করেন।
ইউএনও মো. নূরুল আমিন জানান, রাত ৯টার দিকে দুটি ভটভটি গাড়িতে করে অবৈধভাবে ১২০ বস্তা ডিএপি সার পার্শ্ববর্তী এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা গাড়ি দুটি আটকে প্রশাসনকে খবর দেয়। পরে অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সরকারি দর অনুযায়ী জব্দকৃত এই ডিএপি কমপ্লেক্স সারের মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। বর্তমানে সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
তিনি আরও জানান, কৃষি বিভাগের তত্ত্বাবধানে এসব সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানের সময় পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকলেও সারের ডিলার বা তার কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ডিবিসি/আরএসএল