রাজধানী
টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে এবং আরও ১০টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় মাত্র ১০ মিনিটের মধ্যেই, অর্থাৎ সকাল ১০টা ২৫ মিনিটে তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিসি/এফএইচআর