রাজনীতি
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা না হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কথায় কথায় ধর্মঘট ডেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো চেষ্টা সরকার মেনে নেবে না। প্রয়োজনে জনদুর্ভোগ ঠেকাতে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে।
বৈঠকে জ্বালানিমন্ত্রী বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং দামেও চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমানে নির্ভরযোগ্য উৎস হিসেবে কেবল যুক্তরাষ্ট্রই রয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার কোনোভাবেই সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে দেবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংঘাত বা ধর্মঘটের পথে না হেঁটে আলোচনার মাধ্যমে যেকোনো সংকট নিরসনের আহ্বান জানান মন্ত্রী। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের দাবি ও সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়গুলোর সুষ্ঠু সমাধানে চলতি মাসেই ব্যবসায়ীদের সঙ্গে সরকার আবারও বৈঠকে বসবে বলে তিনি আশ্বস্ত করেন।
ডিবিসি/এফএইচআর