সারা বাংলা
নেত্রকোণায় সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সৌদিফেরত ছেলের মৃত্যু, বাবা আহত
.webp)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের পরিবারের হামলায় আবির হোসেন (২১) নামে সৌদিফেরত এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাঁর বাবা এনামুল হক (৪৭) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এই হামলার ঘটনা ঘটে এবং রাত আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে এনামুল হকের সঙ্গে তাঁর চাচাতো ভাই বকুল মিয়ার (৫৫) আগে থেকেই বিরোধ চলছিল। এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আবির পুরোনো টিনের ঘরের জায়গায় আধা পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার সকালে কথা-কাটাকাটির পর মঙ্গলবার দুপুরে বকুল মিয়া ও তাঁর পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এনামুলের বাড়িতে হামলা চালায়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবির মারা যান।
ঘটনার পর থেকে অভিযুক্ত বকুল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/আরএসএল