সারা বাংলা
পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ কাদেরুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৮ বিজিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার পাটসিঁড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক কাদেরুল একই উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৬ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালনা করে। এ সময় কাদেরুলকে তল্লাশি করে ৩২ হাজার টাকা সমমূল্যের ১০০ মিলি লিটারের ৮০ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। পরে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করে তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অংশ হিসেবে দেশ ও তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান চলমান থাকবে।
ডিবিসি/আরএসএল