রাজনীতি
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।
জানাজার আগে এই নেতার বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মরহুমের জানাজা ও দাফন কর্মসূচি মোট তিনটি ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম জানাজা শেষে দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল তিনটায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় ও শেষ জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ডিবিসি/এফএইচআর