সারা বাংলা
ফেনীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ দুই পরিবার

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে রাতের অন্ধকারে যাতায়াতের পথ রুদ্ধ করে দেয়াল নির্মাণ করেছেন চিথলিয়া গ্রামের হুমায়ুন কবির, মো. ইউনুস ওরফে টিপু ও ফজলুল করিম শহীদের বহিরাগত লোকজন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছেন দুই বাড়ির লোকজন।
বিষয়টি চিথলিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী পরশুরাম মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় তাদের বসতবাড়িতে যাতায়াত এবং বাড়ির সামনের প্লট ব্যবহারসহ স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় যাওয়ার জন্য পথটি ব্যবহার করে আসছেন। যাতায়াতের এই পথের জমির প্রকৃত মালিক পাশের বাড়ির কুয়েত প্রবাসী জসিম উদ্দিন গংরা। ইয়াসিন চৌধুরীর পূর্বপুরুষদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পথ দিয়ে চলাচলের অনুমতি প্রদান করেছেন।
পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামের হুমায়ুন কবির, মো. ইউনুস ওরফে টিপু ও হুমায়ুন কবিরের ছেলে ফজলুল করিম শহীদ স্থানীয় বহিরাগতদের দিয়ে পূর্বশত্রুতার জেরে গত শনিবার রাতের অন্ধকারে বসতবাড়ির প্রধান প্রবেশপথের গেটের সামনে ইট-সিমেন্ট দিয়ে দেয়াল নির্মাণ করে যাতায়াতের পথটি সম্পূর্ণ রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিষয়টি পরশুরাম মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, দুই বাড়ির চলাচলের রাস্তাটি চৌধুরী বাড়ির লোকজন দিয়েছেন। শহীদ গংরা গভীর রাতে যাতায়াতের এই পথটি বহিরাগত লোকদের দিয়ে দেওয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এলে বহিরাগতরা পালিয়ে যায়। ইয়াসিন চৌধুরীর তিন ভাই ও যারা রাস্তা দিয়েছেন সেই চৌধুরী বাড়ির লোকজনের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এই পথটি খুলে দেওয়ার দাবি করছি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ লিটন বলেন, ছোটবেলা থেকে দেখেছি এটি ইয়াসিন চৌধুরীদের বাড়ির রাস্তা। রাতের অন্ধকারে রাস্তাটি বন্ধ করে দেয়। বাড়ি থেকে এই রাস্তা দিয়ে বের হতে হবে। এটি বন্ধ থাকলে তাঁদের চলাচল বন্ধ হয়ে যাবে।
স্থানীয় মোহাম্মদ সফি মজুমদার বলেন, স্বাধীনতার পূর্ব থেকে এখানে যাতায়াতের পথ ছিল। রবিবার ভোরে শুনি পথটি বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে। পথটি বন্ধের প্রয়োজনীয়তা থাকলে সামাজিকভাবে সকলে বসে আলোচনা সাপেক্ষে বুঝে বন্ধ করা যেত। এভাবে রাতের অন্ধকারে দেওয়াল তুলে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখি না।
ইতালি প্রবাসী ফজলুল করিম শহীদ বলেন, আমাদের জায়গায় দেওয়াল নির্মাণ করে গাড়ি রাখার জায়গা করছি। ইয়াসিন চৌধুরী গংদের ফেনী-পরশুরাম সড়কের দিক দিয়ে চলাচলের রাস্তা রয়েছে। উনারা ওই রাস্তা দিয়ে চলাচল করলেও অন্য কাউকে চলাচল করতে দেন না। আমরাও আমাদের জায়গা কাজে লাগাচ্ছি। তাতে উনাদের সমস্যা কী?
ভুক্তভোগী বাড়ির মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, পূর্বপুরুষ থেকে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। তারা এই জমির মালিক না হওয়া সত্ত্বেও গায়ের জোরে হঠাৎ রাস্তাটি হুমায়ুন কবির, মো. ইউনুস ওরফে টিপু ও ফজলুল করিম শহীদ বহিরাগতদের দিয়ে দেওয়াল নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন। বিষয়টি পরশুরাম মডেল থানায় অবগত করলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দীর্ঘদিনের ব্যবহৃত পথটি বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছি। ভবিষ্যতে অভিযুক্তদের সঙ্গে বড় ধরনের বিরোধ, শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তপূর্বক অবৈধভাবে নির্মিত দেয়াল অপসারণের উদ্যোগ গ্রহণসহ চলাচলের পথ সুগম রাখা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হস্তক্ষেপ কামনা করছি।
ডিবিসি/এসডব্লিউএন