বাংলাদেশ, সারা বাংলা
নাটোরে আনুমানিক ২ লাখ টাকার অবৈধ চায়না জাল আগুনে পুড়িয়ে জাল ধ্বংস

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিখ্যাত হালতী বিলে অবৈধ চায়না রিং জাল (চায়না দুয়ারী) দিয়ে মাছ শিকারের অপরাধে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানকালে জব্দকৃত আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ৬৫ পিস চায়না রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হালতী বিলের মহনপুর থেকে আঁচরাখালী এলাকায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী আইন লঙ্ঘনের অপরাধে মো. কাশেম আলী সরদার (৫৯) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত কাশেম আলী সরদার নলডাঙ্গা উপজেলার আঁচরাখালী গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।
নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ সংরক্ষণ, বিলে অবস্থিত অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/ এসভিএন