ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

অভিনেতা সমু চৌধুরীকে মারধরের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অভিনেতা সমু চৌধুরীকে মারধরের ঘটনায় প্রধান আসামি  গ্রেপ্তার

সারা বাংলা

অভিনেতা সমু চৌধুরীকে মারধরের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যশোরে নাট্য অভিনেতা সমু চৌধুরীকে মারধর ও মাথায় ইট দিয়ে আঘাত করে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের মণিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির মৃত ওসমান আলীর ছেলে। বর্তমানে তিনি বারান্দীপাড়া বউবাজার এলাকায় বসবাস করেন।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাট্য অভিনেতা সমু চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামি হলেন সমু চৌধুরীর বাড়ির পাশের মোটরসাইকেল গ্যারেজের মালিক হৃদয় হোসেন (৩০)। তিনি শহরের সিটি কলেজপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

 

মামলার এজাহারে সমু চৌধুরী অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ির পাশের মোটরসাইকেল গ্যারেজের সামনে হৃদয় ও জাহাঙ্গীর উচ্চস্বরে অশালীন ভাষায় কথাবার্তা বলছিলেন এবং চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে বিরক্ত হয়ে তিনি বাসা থেকে বেরিয়ে তাদের এমন আচরণ করতে নিষেধ করেন।

 

এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত দুজন তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে হৃদয় হোসেন ইট দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন সমু চৌধুরী। এতে তিনি মাথায় জখম হন। পরে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় লোকজন আহত সমু চৌধুরীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

পুলিশ জানায়, মামলা দায়েরের পর মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের মণিহার এলাকায় অভিযান পরিচালনা করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। অভিযানে এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন