বাংলাদেশ, সারা বাংলা
বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশের ধানক্ষেতে মিলল শিশুর মরদেহ
.00_00_17_14.Still001.webp)
বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ইউসুফ আলী (৫) নামে এক শিশুর ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বালুয়াহাট গ্রামে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে বালুয়াহাট গ্রামে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শিশু ইউসুফ। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর ১২ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
বুধবার দুপুরে বাড়ির পাশের ধানক্ষেত থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে খোঁজ নিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজনদের দাবি, প্রায় দেড় বছর আগে ইউসুফের মা ইনি ও বাবা পলাশের বিবাহবিচ্ছেদ হয়। পরে ইনি উজ্জ্বল নামের আরেক ব্যক্তিকে বিয়ে করেন। ইউসুফ নিখোঁজ হওয়ার দিন দুপুরে পলাশের তিন স্বজন তাদের বাড়িতে এসেছিলেন বলেও দাবি করেন তারা।
বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ভারী কোনো বস্তুর আঘাতে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহের মাথা, হাত ও পায়ের কিছু অংশের সন্ধান পাওয়া যায়নি। মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
এ ঘটনায় হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/ এসভিএন