ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নির্বাচনের আগে ইরানে হামলার চিন্তাভাবনা নেই: নেতানিয়াহু

নির্বাচনের আগে ইরানে হামলার চিন্তাভাবনা নেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক

নির্বাচনের আগে ইরানে হামলার চিন্তাভাবনা নেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে ইরানের ওপর আগাম হামলার পক্ষে নন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলে হামলার চেষ্টা করলে ইরান ও তাদের মিত্রদের কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন।

নির্বাচনের আগে ফায়দা লুটতে তিনি সামরিক সংঘাতে জড়াতে চাইছেন- বিরোধীদের এমন অভিযোগ ও আগাম হামলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, ‘এটি আমাদের জন্য সুবিধাজনক নয়, এটি ভালো কিছু নয়।’ তিনি আরও বলেন, ‘এমনকি ইরান যদি আমাদের দিকে মিসাইলও ছোড়ে, তবুও তারা আমাকেই দোষারোপ করবে।’ তবে আক্রান্ত হলে ইসরায়েল কঠোর জবাব দেবে বলে ফের সতর্ক করেন তিনি। নির্বাচনের পর আগাম হামলার সম্ভাবনা বা ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি ইসরায়েলি প্রধানমন্ত্রী।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে। এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছিল তেহরান। তবে গত জুনের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি কোনো হামলার ঘটনা ঘটেনি।


ইয়েমেনের ইরানপন্থী গোষ্ঠী হুতিদের হামলার বিরুদ্ধে ইসরায়েল সৌদি আরবকে সহায়তা করছে কি না- এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমি এসব বিষয়ে জড়াই না। আমি শুধু এটুকু বলতে পারি, আমাদের ব্যাপক সাফল্য ও বিশাল অর্জনের পর মধ্যপ্রাচ্যের অনেক দেশই আমাদের দিকে ঝুঁকছে।’ উল্লেখ্য, গত শনিবার রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হওয়াসহ গত এক সপ্তাহে সৌদি আরবে হুতিদের হামলা ব্যাপক আকার ধারণ করেছে।


নেতানিয়াহু জানান, নির্বাচনের আগে ইরানের মিত্ররাও ইসরায়েলে হামলার সুযোগ খুঁজছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দখলকৃত নিরাপত্তা অঞ্চল থেকে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ‘হিজবুল্লাহ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে এবং দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও লিতানি অঞ্চলে তারা আরও ভূখণ্ড হারাবে, যা ইসরায়েলের স্থায়ী নিরাপত্তা অঞ্চলের অংশ হয়ে উঠবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত।’


প্রতিরক্ষামন্ত্রী কাটজ আরও জানান, এর ফলে অন্তত ১০ লাখ শিয়া মুসলিম বাস্তুচ্যুত হবেন এবং বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিও ছাড় পাবে না। চলতি বছর ইরানের সঙ্গে যুদ্ধের পাশাপাশি দক্ষিণ লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। তেহরানের ওপর হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছোড়ার পর এই অভিযান চালানো হয়। এই সংঘাতের জেরে লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের সমর্থন নিয়ে হিজবুল্লাহ পরিচালিত হয়।


সূত্র: রয়টার্স


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন