ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত, আমার স্বামী’ প্রথম ব্রিফিংয়েই গুলিয়ে ফেললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত, আমার স্বামী’ প্রথম ব্রিফিংয়েই গুলিয়ে ফেললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক, আমেরিকা

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত, আমার স্বামী’ প্রথম ব্রিফিংয়েই গুলিয়ে ফেললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

নতুন দায়িত্ব আর সংসারের চাপ একসঙ্গে কীভাবে সামলাবেন- এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের স্বামী বলে গুলিয়ে ফেলেছেন তার নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। মঙ্গলবার (১৩ অক্টোবর) হোয়াইট হাউসে নিজের প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি বলে ওঠেন, ‘আমার প্রেসিডেন্ট- স্যরি, আমার স্বামী’। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুখ ফসকে এমন কথা বেরিয়ে যাওয়ার পর দৃশ্যতই ঘাবড়ে যান জাকারিয়া। নিজেকে সামলে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে হুট করেই ব্রিফিং শেষ করে কক্ষ থেকে বেরিয়ে যান তিনি।


এর আগে ট্রাম্পের প্রশংসা করে ব্রিফিং শুরু করেছিলেন জাকারিয়া। তিনি দাবি করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের মেয়াদকাল মানুষের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা তৈরি করেছে। তবে আগে থেকে লিখে আনা বক্তব্য সাবলীলভাবে পড়তে তাকে বেশ বেগ পেতে হয়। বারবার জড়তার সঙ্গে নোট দেখে পড়ছিলেন তিনি। ওহাইওতে সোশ্যাল মিডিয়া তারকা জেক পলের একটি সমাবেশের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ট্রাম্প ও রিপাবলিকানদের সমর্থন করতে বিপুলসংখ্যক আমেরিকান জড়ো হচ্ছেন। ট্রাম্পের করা কিছু ব্যবসায়িক চুক্তির কথা তুলে ধরে তিনি জানান, প্রেসিডেন্ট ‘আগামী কয়েক শতকের জন্য পশ্চিম গোলার্ধকে সুরক্ষিত করবেন’। এরপর তিনি গ্রিনল্যান্ড ও ফেন্টানিল ইস্যুতেও কথা বলেন।


তবে প্রশ্নোত্তরের পর্বে গিয়ে আরও বেশি বিপাকে পড়েন জাকারিয়া। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাকে পরে আপনাদের জানাতে হবে।’ নিজের কাজের পরিধি নিয়েও তাকে ধুঁকতে দেখা যায়। তিনি জানান, আগে যা করতেন এখনো তা-ই করবেন, যার মধ্যে ট্রাম্পের এজেন্ডাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া অন্তর্ভুক্ত।


সবচেয়ে অস্বস্তিকর মুহূর্তটি আসে যখন ডেইলি মেইলের সাংবাদিক তাকে প্রশ্ন করেন, একজন মা হিসেবে নতুন এই দায়িত্ব তিনি কীভাবে সামলাবেন। নিজের সন্তানদের বয়স উল্লেখ করে জাকারিয়া জানান, তার স্বামী তাকে এ বিষয়ে সাহায্য করছেন। আর ঠিক তখনই ট্রাম্পকে নিজের স্বামী বলে গুলিয়ে ফেলেন তিনি। ভুল বুঝতে পেরে তিনি বলেন, ‘ওয়াও, এটা দারুণ ছিল।’ তবে এরপর আর নিজেকে গুছিয়ে নিতে পারেননি, দ্রুত ব্রিফিং শেষ করে দেন।


এর আগে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে যোগাযোগের জ্যেষ্ঠ পদে কাজ করেছেন কেটি জাকারিয়া। নিউজম্যাক্স ও ফক্স নিউজের মতো রক্ষণশীল সংবাদমাধ্যমগুলোতেও তাকে দেখা গেছে। নিয়োগের সময় ট্রাম্প তাকে একজন বিশ্বস্ত ও মেধাবী সমর্থক হিসেবে প্রশংসা করেছিলেন। দ্য ইন্ডিপেনডেন্টের মতে, ক্যামেরার পেছনের কাজ থেকে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হওয়ার এই রূপান্তর জাকারিয়ার জন্য বড় একটি চ্যালেঞ্জ। প্রথম দিনের ব্রিফিংয়ে জড়তা ও প্রশ্নের উত্তর দিতে না পারায় সেই চ্যালেঞ্জটিই স্পষ্ট হয়ে উঠেছে।


প্রতিবেদনে তার মুছে ফেলা কিছু সোশ্যাল মিডিয়া পোস্টেরও উল্লেখ করা হয়, যেখানে টিকা বিরোধী ভুল তথ্য এবং ডেমোক্র্যাট ও ওবামা পরিবারকে জড়িয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বে তার যুক্ত থাকার কথা বলা হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপের মধ্যেই দায়িত্ব নিলেন জাকারিয়া। অর্থনীতি, ইরানে চলমান যুদ্ধ এবং ইউক্রেনে মার্কিন সহায়তার মতো বিষয়গুলো নিয়ে হোয়াইট হাউসের যোগাযোগ দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন