ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

হুতিদের হামলার জেরে রোনালদোর ম্যাচসহ সৌদি লিগের ৩ খেলা স্থগিত

হুতিদের হামলার জেরে রোনালদোর ম্যাচসহ সৌদি লিগের ৩ খেলা স্থগিত

খেলাধুলা, ফুটবল

হুতিদের হামলার জেরে রোনালদোর ম্যাচসহ সৌদি লিগের ৩ খেলা স্থগিত

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মারাত্মক আকার ধারণ করায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ তিনটি খেলা স্থগিত করেছে সৌদি আরবের ফুটবল লিগ।

মঙ্গলবার রাতে (১৩ অক্টোবর) সৌদি প্রো লিগের (এসপিএল) ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘লজিস্টিক্যাল কারণ এবং ম্যাচগুলোর মধ্যকার বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় বিবেচনা করে’ নবম সপ্তাহের এই ম্যাচগুলো পিছিয়ে দেয়া হয়েছে।


নতুন সূচি অনুযায়ী, আল হিলাল বনাম আল রিয়াদ এবং আল ইত্তিহাদ বনাম আল শাবাবের মধ্যকার ম্যাচ দুটি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল আহলি ও রোনালদোর আল নাসরের মধ্যকার লড়াইটি পিছিয়ে ২০২৭ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে এসপিএল জানিয়েছে, নবম সপ্তাহের বাকি ম্যাচগুলো ‘পূর্বঘোষিত সূচি অনুযায়ী কোনো পরিবর্তন ছাড়াই অনুষ্ঠিত হবে’।


এর আগে সোমবার রিয়াদে উজবেকিস্তানের দল নেফচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিও এক ঘণ্টা দেরিতে শুরু হয়। সৌদি রাজধানী লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করার ঘোষণার পর নিরাপত্তাজনিত কারণে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।


সাম্প্রতিক দিনগুলোতে হুতিদের কাছ থেকে উপকূলীয় এলাকা পুনরুদ্ধারে ইয়েমেনে পাল্টা আক্রমণ শুরু করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এর জেরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি পৃথক হামলায় ১৪ জন নিহত ও শত শত মানুষ আহত হওয়ার পর এই সংঘাত নতুন মাত্রা পায়। ২০১৫ সালের পর হওয়া সবচেয়ে ভয়াবহ এই হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রমও স্থগিত করতে হয়।


কাতারের রাজধানী দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক জেইন বাশরাভি জানান, গত ১০ দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার পর সংঘাত কেবল ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ রাখার যে ধারণা সৌদি জোটের ছিল, তা ভেঙে গেছে।


এদিকে বুধবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। আগামী দিনগুলোতেও সৌদি বিমানবন্দর ও তেলের স্থাপনাগুলোতে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতিরা। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পাশাপাশি ধাহরান ও রিয়াদে সৌদি আরামকোর স্থাপনাগুলোতেও তারা হামলা চালিয়েছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন