আন্তর্জাতিক, ভারত
ভারতে ৮ মাস ধরে বিট্টুর পরিষ্কার করা নদী ফের আবর্জনার স্তূপ

দীর্ঘ আট মাস ধরে মধ্যপ্রদেশের আজনার নদী পরিষ্কার করার পর সম্প্রতি সেখানে ফিরে গিয়ে পরিবেশকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটর বিট্টু তাবাহি দেখতে পান যে নদীর তীরে আবারও আবর্জনা ফেলে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে তিনি মর্মাহত হলেও হাল ছাড়েননি।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বিট্টু নদীর এমন বেহাল দশা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন। তবে একই সঙ্গে তাকে আবারও সেই বর্জ্য পরিষ্কার করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি কখনও কল্পনাও করিনি যে আমার আট মাসের কঠোর পরিশ্রম এভাবে জলে যাবে।’ তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে নেটিজেনরা সাধারণ মানুষের নাগরিক সচেতনতার অভাব নিয়ে প্রশ্ন তোলেন এবং বিট্টুর নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।
বিট্টু জানান, পরিষ্কারের কাজ শুরু করার আগে তিনি নিজের সুরক্ষার জন্য গ্লাভস পরেন এবং নিজস্ব সরঞ্জাম সঙ্গে রাখেন। সাঁতার না জানা সত্ত্বেও তিনি প্রথমে নদীর তীর থেকে আবর্জনা সরান এবং পরে জলের ভেতরে নেমেও বর্জ্য তুলে আনেন।
সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। বহু মানুষ মাসের পর মাস পরিশ্রমের পরও নদীটি ফের দূষিত হয়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, "খুবই দুঃখজনক... কিন্তু আপনি একজন নায়ক। আপনার আরও শক্তি হোক!" অন্য একজন মন্তব্য করেছেন, "ভারতের মানুষ পরিচ্ছন্ন পরিবেশের যোগ্য নয়। এখানে নাগরিক সচেতনতা থাকাটাই যেন অপরাধ।" বিট্টু বর্তমানে তার পরিষ্কার অভিযানের কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি কীভাবে আরও কার্যকরভাবে বর্জ্য অপসারণ করা যায়, সে বিষয়ে নেটিজেনদের কাছে পরামর্শ চেয়েছেন।
বিট্টুর আসল নাম সুরেন্দ্র সিং চৌধুরী। তিনি এর আগেও বিভিন্ন স্থানে এমন পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। সেপ্টেম্বরে তিনি এবং তার দল দিল্লির যমুনা নদীর একটি অংশ থেকে ৫৮৫ কেজি এবং গুরুগ্রামের খেরকি দৌলা থেকে ২ হাজার ৪৩৫ কেজি বর্জ্য সংগ্রহ করেন। এই অভিযানটি ছিল দিল্লি, গুরুগ্রাম ও নয়ডাকে নিয়ে তিন শহরের একটি পরিচ্ছন্নতা প্রচারণার অংশ।
আধুনিক সরঞ্জাম ছাড়াই আজনার নদীতে তার ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম এর আগেই সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। তবে পরিষ্কার করা স্থানে বারবার বর্জ্য জমে যাওয়ার এই সাম্প্রতিক ভিডিওটি এ ধরনের উদ্যোগ টিকিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জকেই সামনে নিয়ে এসেছে।
ডিবিসি/এসডব্লিউএন