আন্তর্জাতিক, ভারত
শিশুদের ওষুধ বলে পশুর ওষুধ বিক্রি, ভারতে ফার্মেসি মালিক গ্রেপ্তার

জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এক ঘটনায় ভারতের সুরাটে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পশুর জন্য তৈরি ওষুধ নতুন মোড়কে শিশুদের ওষুধ হিসেবে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।
বুধবার সুরাটের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) রাজদীপসিংহ নাকুম জানান, সুরাটের গোপিপুরা এলাকায় স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল ওই ওষুধের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানটির মালিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত সাজিদ এক ও পাঁচ লিটারের বড় ক্যান থেকে পশুর জন্য তৈরি 'হিমালয়া লিভ.৫২ প্রোটেক লিকুইড ভেটেরিনারি ফিড সাপ্লিমেন্ট' বের করতেন। এরপর সেগুলো তিনি নিজে হাতে ছোট ৬০ মিলি ও ১০০ মিলি বোতলে ভরতেন। শিশুদের ওষুধ হিসেবে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করতে তিনি ওই বোতলগুলোতে 'হিমালয়া লিভ.৫২ ড্রপস' (শিশুদের ওষুধ)-এর নকল লেবেল লাগিয়ে দিতেন।
ডিসিপি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি এই ভেজাল ওষুধগুলো দ্বিগুণ দামে বিক্রি করতেন। অভিযানে পুলিশ ৩১ হাজার ১৯৫ রুপি সমমূল্যের বিভিন্ন সামগ্রী জব্দ করেছে। এ ঘটনায় আঠওয়া থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১২৩, ১২৫, ৩৩৬ এবং ২৭৮ ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এসব ধারায় বিষপ্রয়োগে আঘাত, মানুষের জীবন বিপন্ন করা, জালিয়াতি এবং এক ওষুধ অন্য ওষুধ হিসেবে বিক্রির অভিযোগ আনা হয়েছে।
যারা দোকানটি থেকে এই ওষুধ কিনেছেন এবং কোনো ধরণের স্বাস্থ্যগত সমস্যায় পড়েছেন, তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ। এছাড়া ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের কাছ থেকে এর আসল-নকল যাচাই করে নেওয়ার এবং প্রেসক্রিপশন অনুযায়ী তা সেবনেরও পরামর্শ দেওয়া হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন