ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

টিকার ওপর নির্ভর করার চেয়ে মশার প্রজননস্থল ধ্বংস বেশি কার্যকর: প্রধানমন্ত্রী

টিকার ওপর নির্ভর করার চেয়ে মশার প্রজননস্থল ধ্বংস বেশি কার্যকর: প্রধানমন্ত্রী

বাংলাদেশ, জাতীয়

টিকার ওপর নির্ভর করার চেয়ে মশার প্রজননস্থল ধ্বংস বেশি কার্যকর: প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে টিকার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত বলে দেখা গেছে, তাই জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে তিনি প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন নিজেদের বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার করার আহ্বান জানান।

 

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে আমাদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা পরিষ্কার করি।’

 

ঘরের আনাচকানাচে কিংবা রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রজননস্থল পরিষ্কার করতে পারলে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সফলতা আসবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু ও অসুস্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

 

ঐক্যবদ্ধ শক্তির উদাহরণ টেনে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল হয়েছে এবং ২০২৪ সালে সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে।’ সবাই মিলে এসব অর্জন সম্ভব হলে, সম্মিলিতভাবে দেশের অন্যান্য সমস্যা সমাধানেও সফল হওয়া যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই কোটি শিক্ষার্থী এবং বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সংগঠনের প্রায় ৪০ লাখ সদস্য গত এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন।

 

জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার মাধ্যমেই একটি সরকার সফল হয় এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সরকার ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের সব সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন