সারা বাংলা
খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০১৩ সালে পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন সাইফুল।
সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা ও সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে সাইফুলের প্রাথমিক চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে সাইফুলকে ভর্তি করা হয়েছে। ডা. নুরুজ্জামান জানান, আগামী দু-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।
সাইফুলকে হাসপাতালে ভর্তির সময় উপস্থিত ছিলেন অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসানসহ ড্যাব ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এর আগেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে সাইফুলের চিকিৎসা করানো হয়েছিল।
ডিবিসি/পিআরএএন