সারা বাংলা
চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠির আঘাতে প্রাণ গেল কিশোরের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা প্রধান অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত এমদাদুল হক উপজেলার নওদাবন্ডবিল গ্রামের রেজাউল হকের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত যুবক নাইস খন্দকার নতুন বাসস্ট্যান্ড এলাকার মজনু খন্দকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার(১৪ অক্টোবর) রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিল এমদাদুল। সেখানে তুচ্ছ একটি বিষয় নিয়ে নাইসের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নাইস ক্ষিপ্ত হয়ে এমদাদুলকে মারতে উদ্যত হলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।
কিছুদূর যাওয়ার পর এমদাদুল মাটিতে পড়ে গেলে নাইস হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে এমদাদুলের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করা হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এমএনকে