স্বাস্থ্য
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, ফুসফুস আক্রান্তের ঝুঁকি

বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে বায়ুদূষণের মাত্রা, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। বিশ্বের অন্যান্য বড় শহরের মতো রাজধানী ঢাকার বায়ুমান এখনও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক সূচকের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এই মেগাসিটির অবস্থান এখন অষ্টম।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের (একিউআই) তথ্যমতে, ঢাকার একিউআই স্কোর ছিল ১৫৮। একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেই বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার মেডান শহর। শহরটির একিউআই স্কোর ছিল ১৮৮। ১৮৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর সিটি, ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭১ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি চতুর্থ অবস্থানে রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ১৫১ থেকে ২০০ স্কোরের বায়ু সবার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। তবে শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই শ্বাসকষ্ট বা ফুসফুসের বিভিন্ন সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এই দূষিত বায়ুর কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের নানা জটিলতা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
ঢাকার এই তীব্র বায়ুদূষণের পেছনে মূলত অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ক্ষতিকর ধোঁয়া এবং যত্রতত্র ধুলাবালিকে দায়ী করা হচ্ছে। এসব উপাদান নিয়মিত বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ ও যানবাহনের নির্গমন কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা ছাড়া ঢাকার বায়ুর মান উন্নয়ন সম্ভব নয়।
ডিবিসি/এমএনকে