আন্তর্জাতিক, ভারত
স্ত্রীর ঝগড়া এড়াতে বেলকনি দিয়ে পালানোর সময় প্রাণ গেল স্বামীর

ভারতের উত্তর প্রদেশে স্ত্রীর সঙ্গে সম্ভাব্য ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বেলকনি দিয়ে পালানোর চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রদেশটির গ্রেটার নয়ডায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হর্ষিত লাভানিয়া (৩১)।
চলতি সপ্তাহের শুরুতে গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটিতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে হর্ষিতের বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে গত ছয় মাস ধরে স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছিলেন তিনি। ওই সোসাইটির ২১ তলার একটি ফ্ল্যাটে তিনি একাই ভাড়া থাকতেন।
ঘটনার দিন হর্ষিতের স্ত্রী তার ওই ফ্ল্যাটে এসে দরজা নক করেন। কিন্তু আবারও ঝগড়া হতে পারে এমন আশঙ্কায় হর্ষিত দরজা খুলতে চাননি। স্ত্রী তাকে ডাকাডাকি করে কথা বলার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। এরপর তার স্ত্রী দরজা খোলার জন্য ভবনের নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন।
নিরাপত্তারক্ষীরা আসার পর পরিস্থিতি বেগতিক দেখে হর্ষিত নিজের ফ্ল্যাটের বেলকনি বেয়ে নিচের তলার ফ্ল্যাটে নামার চেষ্টা করেন। কিন্তু এ সময় দুর্ভাগ্যবশত পা পিছলে ২১ তলা থেকে সোজা নিচে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় সোসাইটির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হর্ষিতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে চলমান বিবাদের জেরে দীর্ঘদিন ধরেই তিনি চরম মানসিক চাপের মধ্যে ছিলেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে তারা নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ওই আবাসিক ভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এমএনকে