সারা বাংলা
সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে কাকিকে হত্যার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুধা রানী মণ্ডল ওই গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রমেশ ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় তাকে বাধা দিতে গেলে তার মা কমলা রানী মণ্ডল (৫০), কাকি সুধা রানী মণ্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল (২৮) গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত সমীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘাতক রমেশ মণ্ডলকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এমএনকে