ডিবিসি নিউজdbcnews.tv

বাণিজ্য

শিশুখাদ্য দুধে ভেজাল কোনোভাবেই বরদাশত করা হবে না: বাণিজ্যমন্ত্রী

শিশুখাদ্য দুধে ভেজাল কোনোভাবেই বরদাশত করা হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য

শিশুখাদ্য দুধে ভেজাল কোনোভাবেই বরদাশত করা হবে না: বাণিজ্যমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই অক্টোবর ২০২৬ ১২:৫১:২০ অপরাহ্ন

দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘শিশুখাদ্য হিসেবে দুধের কোনো বিকল্প নেই। অথচ সেই দুধে ভেজাল মিশিয়ে শিশুদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য এমন ক্ষতিকর কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না।’

বুধবার (১৪ অক্টোবর) পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ভেজাল দুধ প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় দুগ্ধ খামারি, উৎপাদক, সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পাবনার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও সম্প্রতি ভেজালের খবরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গুটিকয়েক অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে জনস্বাস্থ্য যেমন ঝুঁকিতে পড়ছে, তেমনি জেলার দুগ্ধশিল্পের দীর্ঘদিনের সুনাম নষ্ট হচ্ছে।

 

ভেজাল প্রতিরোধে কোনো ধরনের ছাড় না দেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বলেন, দুধের গুণগত মান নিশ্চিত করতে পাবনার বিভিন্ন চিলিং সেন্টারে কর্মরতদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম জানান, সভার আগে চাটমোহরে প্রাণ গ্রুপের চিলিং সেন্টার পরিদর্শনকালে গুণগত মান না থাকায় পাঁচটি সরবরাহকারী প্রতিষ্ঠানের দুধ ফেরত দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সভাপতির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, অল্পসংখ্যক অসাধু ব্যক্তির কারণে হাজার হাজার সৎ খামারির সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না। ভেজাল দুধ শনাক্তকরণে পাবনায় একটি স্থায়ী পরীক্ষাগার স্থাপনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ক্যাব, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব প্রতিনিধি এবং দুগ্ধ খামারি ও সরবরাহকারীরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন