বাণিজ্য
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে উভয় দেশ। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) আয়োজনে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এই আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ৭৭ বছরে আর্থসামাজিক খাতে চীনের অভাবনীয় উন্নয়ন ও অর্জন অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য এক মূল্যবান ও শিক্ষণীয় দৃষ্টান্ত। তিনি আরও জানান, চীনের সঙ্গে বাংলাদেশের বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার করতে এবং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন এক মাত্রায় নিয়ে যেতে বাংলাদেশ গভীরভাবে আগ্রহী।
অন্যদিকে, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন জানান, দুই দেশের শীর্ষ নেতাদের নির্দেশনায় বাংলাদেশ ও চীনের সম্পর্ক ইতোমধ্যে নতুন যুগে প্রবেশ করেছে। 'নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়' গঠনের যৌথ উদ্যোগ এই সম্পর্ককে আরও বেগবান করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে চীন সব সময় পাশে আছে এবং আগামী দিনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিতে তারা বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে প্রস্তুত।
ডিবিসি/এফএইচআর