আন্তর্জাতিক, আমেরিকা
যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উইসকনসিন ডেলসের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সাউক কাউন্টির ডেলোনা টাউনে এ দুর্ঘটনা ঘটে। সাউক কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ছয় আসনের এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি কেনোশা থেকে মেনোমনির দিকে যাচ্ছিল। রাত ১০টার কিছু আগে এটি মিরর লেক স্টেট পার্কের কাছের একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। সে সময় ওই এলাকায় বজ্রঝড় বয়ে যাচ্ছিল এবং বৃষ্টি হচ্ছিল।
শেরিফের দপ্তর জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে তাদের কাছে একাধিক খবর আসে। উড়োজাহাজে থাকা পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। দুর্ঘটনায় আশপাশের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। মাটিতে থাকা কোনো মানুষও হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল স্থির ডানার পাইপার পিএ-৪৬ মডেলের। দুর্ঘটনার আগে এটি কাছের একটি বিমান চলাচল নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ করছিল। তদন্তকারীরা ওই যোগাযোগের কথোপকথন পর্যালোচনা করছেন। দুর্ঘটনার আগে টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির কী কথা হয়েছিল, তা তদন্তের আওতায় রয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত করছে। প্রতিকূল আবহাওয়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পেছনে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে শেরিফের দপ্তর ও এফএএ জানিয়েছে।
সূত্র: এবিসি
ডিবিসি/এসএফএল