বাংলাদেশ, সারা বাংলা
সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করল ফরিদপুর জেলা পরিষদ

এই প্রথম স্থাপিত সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ফরিদপুর জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সুইচ টিপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় সেখানে উপস্থিত জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ জানান, পরিষদের দুটি ভবনের ছাদে ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। যা থেকে উৎপাদিত সৌর সিস্টেমের ৬০ কিলোওয়াট বিদ্যুতের মধ্যে ৪০ কিলোওয়াট বিদ্যুৎ জেলা পরিষদ নিজস্ব কাজে ব্যবহার করছে। অবশিষ্ট ২০ কিলোওয়াট বিদ্যুৎ নেট মনিটরিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দেশ গঠনের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তরে সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। যার অংশ হিসেবে জেলা পরিষদ থেকে এ যাত্রা শুরু হলো। তিনি বলেন, সরকারি সকল দপ্তরেই সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখবে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শেখ শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন ফরিদপুর জেলা পরিষদ ও ওজোপাডিকো-১ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠান মার্শ পাওয়ার টেকনোলজি লি. আগামী ২০ বছর এ প্লান্ট রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে জেলা পরিষদ।
ডিবিসি/ এসভিএন