সারা বাংলা
ফেসবুকে পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে অভিনব প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২

নড়াইলে ‘বেবি বাইক সপ বিডি’ ও ‘মিশরীয় মুরগি সেল বাজার’সহ বিভিন্ন নামে সামাজিক মাধ্যম ফেসবুকে আইডি খুলে অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মোর্তজা (২৭) এবং একই উপজেলার নারায়নপুর গ্রামের কামাল মোল্যার ছেলে বিকাশ এজেন্ট লিমন মোল্যা (২৭)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার রাত আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন। এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ প্রতারণালব্ধ ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন আরও জানান, ‘বেবি বাইক সপ বিডি, বেবি বাইক, কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০, মিশরীয় মুরগি সেল বাজার ২.০ এবং কম্বল.বিডি নামে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এরা দীর্ঘ দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তারা।
ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। ভুক্তভোগী এক ব্যক্তি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে প্রতারণার বিষয়টি অবগত করার পর চক্রটিকে গ্রেপ্তারে মাঠে নামে জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের চৌকস টিম। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন