সারা বাংলা
পটুয়াখালীতে ঘুমন্ত বাবার পাশ থেকে ১০ মাসের শিশু নিখোঁজ

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ রায়হান ঘুটাবাছা গ্রামের রাসেল খানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে নিজ ঘরে শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন বাবা রাসেল খান। এ সময় শিশুটির মা রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া, মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে কিছুক্ষণ পর ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর ঘরে ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
কিন্তু বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা আশপাশের পুকুরে পানি সেচে তল্লাশি চালান। পাশাপাশি শিশুটিকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয়।
হঠাৎ করে ঘরের ভেতর থেকে ১০ মাসের শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সন্তানকে হারিয়ে স্বজনদের কান্না-আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন